Dhaka, Sunday | 20 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 20 September 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে দুই শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, এলাকায় আতঙ্ক

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম  (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত কোনো স্প্রে প্রয়োগ করে দুই শিশুকে অচেতন করে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের তৎপরতা ও শিশুটির উপস্থিত বুদ্ধিতে তারা নিরাপদে ফিরে এসেছে বলে পরিবারের দাবি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না মডেল স্কুলের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিমি (১২) তার ১৬ মাস বয়সী চাচাতো ভাই আয়ানকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হয়। এ সময় এক বৃদ্ধা নারী তাদের কাছে এসে ব্যাগ থেকে একটি স্প্রে বের করে মিমির সামনে প্রয়োগ করেন বলে অভিযোগ।

মিমি জানায়, ওই নারী পরে তাকে বটতলা এলাকায় নিয়ে যান। সেখান থেকে অটোরিকশাযোগে ইন্দেরহাটের দিকে নেওয়া হচ্ছিল। একপর্যায়ে পরিস্থিতি বুঝতে পেরে মিমি স্থানীয়দের সহায়তা নিয়ে তার খালার বাসায় চলে যায়।

পরিবারের দাবি, অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তি শিশু দুটিকে অনুসরণ করছিল এবং ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ করে তাদের অচেতন করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

বিন্না এলাকার রতন মাস্টার বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। শিশু দুটি পরিবারের কাছে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করে তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান বলেন, তারা ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। শিশু অপহরণকারী চক্র সক্রিয় কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের ঘটনায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে। একই সঙ্গে শিশুদের একা চলাচলের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝