প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২১ পিএম (ভিজিটর : ৯)
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা (৩৭ হাজার ৫০০ কেজি) সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ১ টি বোটসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।