Dhaka, Monday | 7 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 7 September 2026 | English
শিরোনাম:

পাইকগাছায় ৫৫০ একর ভিপি জমি উদ্ধার: রাজস্ব আদায় প্রায় দেড় কোটি

প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম  (ভিজিটর : ১৪)

দীর্ঘদিনের দখল থেকে খুলনার পাইকগাছায় ৫৫০ একর সরকারি ভিপি (অর্পিত) জমি উদ্ধার করে ইজারা দিয়েছে উপজেলা ভূমি অফিস। এসব জমি ইজারা দিয়ে দুই অর্থবছরে সরকারি কোষাগারে এককালীন ১ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৮৩০ টাকা রাজস্ব জমা হয়েছে। একই সময়ে উপজেলার বিভিন্ন মৌজায় আরও ১ হাজার ৫৩৫ একর সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, পাইকগাছার ১০টি ইউনিয়নের বিভিন্ন মৌজায় ভিপি লিজ মামলার আওতাধীন মোট ৪ হাজার ১৫৫ একর জমি 'ক' তফসিলভুক্ত সরকারি সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত রয়েছে। এর বড় একটি অংশ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির দখলে ছিল। এসব জমিতে ধান ও মাছ চাষসহ বিভিন্নভাবে ভোগদখল করে আসছিলেন তারা। অনেক জমি থেকে নিয়মিত সরকারি রাজস্বও আদায় হচ্ছিল না।

সরকারি সম্পত্তি উদ্ধার ও রাজস্ব আদায়ের উদ্যোগের অংশ হিসেবে ভিপি জমি শনাক্ত করে দখলমুক্ত করার কার্যক্রম শুরু করে উপজেলা ভূমি অফিস। ২০২৫ সালের অক্টোবরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ফজলে রাব্বী যোগ দেওয়ার পর এ কার্যক্রম জোরদার করা হয়।

ভূমি অফিসের কর্মকর্তারা জানান, প্রথম ধাপে বিভিন্ন মৌজায় থাকা 'ক' তফসিলভুক্ত ভিপি সম্পত্তির তালিকা যাচাই করা হয়। পরে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করা হয়। পরিমাপ শেষে দখলমুক্ত জমিতে সরকারি সাইনবোর্ড স্থাপন করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। এরপর আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার করা জমি ইজারা দেওয়া হয়।

তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভিপি জমি উদ্ধারের কার্যক্রমের আওতায় প্রায় ১ হাজার ৭৮০ একর জমি উদ্ধার করা হয়। এর একটি অংশ ইজারা দিয়ে সরকারি কোষাগারে ৩৮ লাখ ২০ হাজার ৩০২ টাকা জমা দেওয়া হয়।

এরপর ২০২৫-২৬ অর্থবছরে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখে ৫৫০ একর ভিপি জমি ইজারা দেওয়া হয়। এ থেকে এককালীন ১ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৫২৮ টাকা রাজস্ব আদায় হয়। সব মিলিয়ে দুই অর্থবছরে ভিপি জমি ইজারা দিয়ে সরকারি কোষাগারে জমা হয়েছে ১ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৮৩০ টাকা।

ভূমি অফিস সূত্র আরও জানায়, ইজারাগ্রহীতারা বাংলা ১৩৭৫ থেকে ১৪৩২-৩৩ সাল পর্যন্ত নির্ধারিত মেয়াদের জন্য এককালীন সরকারি রাজস্ব পরিশোধ করে জমির দখল বুঝে নিয়েছেন। সরকারি শর্ত মেনে তারা এসব জমি ভোগদখল করছেন।

ইজারাদার রেজাউল মোড়ল বলেন, সরকারের সব শর্ত ও নিয়ম মেনেই ১০ দশমিক ৬০ একর জমি ইজারা নিয়েছেন তিনি। বর্তমানে ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করছেন।

ভিপি জমির পাশাপাশি গত দুই বছরে পাইকগাছার বিভিন্ন মৌজায় ১ হাজার ৫৩৫ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা ভূমি অফিস। তবে সরকার বর্তমানে খাসজমি বন্দোবস্ত দেওয়া বন্ধ রাখায় উদ্ধার করা এসব জমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া যাচ্ছে না।

স্থানীয়দের মতে, উদ্ধার করা খাসজমি সরকারি নীতিমালা অনুযায়ী ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হলে ভূমিহীন পরিবারগুলো উপকৃত হবে। পাশাপাশি সরকারের রাজস্ব আয়েরও সুযোগ তৈরি হবে।

সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী বলেন, সরকারি সম্পত্তি উদ্ধার ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দীর্ঘদিনের দখলমুক্ত করা সম্ভব হয়েছে। উদ্ধার করা জমি নিয়ম অনুযায়ী ইজারা দেওয়ার ফলে সরকার রাজস্বও পেয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন মৌজায় সরকারি ভিপি সম্পত্তি উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে। সরকারি সম্পত্তি উদ্ধার করে বিধি অনুযায়ী ব্যবস্থাপনার আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝