পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। রাতে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া মো. রাজিব খান (৩৮) শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খানের পুত্র।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সহ থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ের বাঁশবাড়িয়া গ্রাম থেকে রাজিব খানকে আটক করা হয়। তিনি একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
পরে রাজিব খানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ এমএম পিস্তল, যার গায়ে 'Made in USA, N1101' লেখা রয়েছে, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, আটক রাজিব খান বর্তমানে পিরোজপুর সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র মামলায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/অ