পটুয়াখালীর দুমকি উপজেলায় মো. সায়েম (২০) নামে এক মসজিদের মুয়াজ্জিনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি বায়তুল মামুন জামে মসজিদের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের মৃত আব্দুল জব্বার মৃধার ছেলে। তিনি উত্তর পাঙ্গাসিয়া গ্রামের বায়তুল মামুন জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের ভাই মিলন জানান, শুক্রবার রাত ৮টার দিকে খবর পেয়ে তাঁরা মসজিদে যান। সেখানে সায়েমের মরদেহ দেখতে পান। পরে মরদেহটি মসজিদের বারান্দায় রাখা হয়।
মিলনের দাবি, সায়েম আত্মহত্যা করেছেন বলে তাঁরা মনে করছেন না। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সায়েমের গলায় ফাঁস দেওয়ার মতো আঘাতের চিহ্ন দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পর জানা যাবে।
সায়েমের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এফপি/ফ