‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিষ কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, মৎস্য দপ্তরের সুপদ চন্দ্রসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।
এফপি/র