মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় গজারিয়া উপজেলার লস্করদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সাকিবুল হাসান (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. মনির হোসেনের ছেলে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই পলাশ কান্তি রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সাকিবুল হাসানের ভাড়া গ্যারেজের সামনে থেকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার সাকিবুল হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অভিযান চালিয়ে মো. মতিন (৫৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মো. মতিন কুমিল্লার দাউদকান্দি থানার দক্ষিণ সতান্দী এলাকার মৃত ধনু মিয়া বেপারীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও তিনটি মামলা রয়েছে।
দুই অভিযানে মোট ১০ কেজি গাঁজা ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/র