সৌদি আরবের রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ জুলাই) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অপূরণীয় ক্ষতি ও শোকের এই সময়ে তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সোমবার জানান, প্রধানমন্ত্রী নিয়মিতভাবে ঘটনার সর্বশেষ পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনের সমন্বিত উদ্যোগে নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সালেহ শিবলী বলেন, “নিহত ব্যক্তিদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”
রোববার রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ১৬ বাংলাদেশি প্রাণ হারান।
এফপি/র