মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আলিফা নামে দুই বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের দক্ষিণ চাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির দাদি সোনিয়া তাকে ঘুম পাড়িয়ে বাড়ির পাশ থেকে পাট আনতে যান। এ সময় শিশুটির বাবা রিফাত শেখ ঘরে গিয়ে মেয়েকে নিস্তেজ ও নিঃশ্বাসহীন অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করে। এ ঘটনায় শিশুটির মা রীমা আক্তারকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে শিশুটির জন্মের কিছুদিন পর রীমা আক্তার স্বামীর বাড়ি ছেড়ে কুমিল্লায় বাবার বাড়িতে চলে যান। প্রায় তিন মাস আগে তিনি আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন।
শিশুটির বাবা রিফাত শেখ বলেন, “আমার মেয়ের মৃত্যু রহস্যজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানাচ্ছি।”
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “শিশুটির মৃত্যুর ঘটনা নিয়ে নানা প্রশ্ন থাকায় মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এফপি/ফ