কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাসদ নেতা আনোয়ারুল কবির (টুটুল) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকায় এই ঘটনা ঘটে। রাজধানী ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সাবেক মেয়র আনোয়ারুল কবিরের দাবি, হামলার নেতৃত্বে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ এইচ এম আল হোসাইন সোহাগ।
এর আগে গত ২৯ জুন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংগঠনিক কার্যক্রম ও দলীয় সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আনোয়ারুল কবির (টুটুল)। তিনি ভেড়ামারা উপজেলা জাসদের সদস্য, যুব জোটের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় যুব জোটের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে গোডাউন মোড় এলাকার একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন আনোয়ারুল কবির। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়। চাইনিজ কুড়াল দিয়ে তাঁর মাথায় কোপ দেওয়া হয়। তাঁকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই তিনি ঢাকায় চলে যান।
সাবেক মেয়র আনোয়ারুল কবির অভিযোগ করেন, নওদাপাড়া এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ, চাঁদগ্রাম এলাকার সিজারসহ কয়েকজন তাঁকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। হামলার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং আত্মরক্ষার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, হামলার সময় তাঁর সঙ্গে থাকা দুলাল ও নুরু নামের দুই ব্যক্তিও আহত হয়েছেন। জাসদ করে রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়ানো যাবে না জানিয়ে বৃহস্পতিবার রাতেও সোহাগ হুমকি দিয়েছিলেন। তাঁর মাথায় এগারোটি সেলাই পড়েছে। তিনি দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ বলেন, “সম্পর্কে আমরা মামা-ভাগ্নে। তাঁর সঙ্গে ভালো সম্পর্ক আমার। তিনি যে অভিযোগ এনেছেন তা সত্য নয়। আমি একটি দায়িত্বশীল পদে থেকে এমনটা কেন করতে যাব? আর তিনিই (টুটুল) কেন এমন অভিযোগ করছেন, বুঝতে পারছি না।”
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে গুলির কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এফপি/ফ