মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিল জাতীয় মাদক) ও ৩২ রাউন্ড গুলিসহ মো. তুষার শেখ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর ৪টার দিকে শ্রীনগর উপজেলার দেলভোগ দয়হাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে আমিনুল ইসলামের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালান। অভিযানকালে ওই বাড়ির ভাড়াটিয়া তুষারকে গ্রেফতার করা হয়।
এ সময় তার দখল থেকে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিল জাতীয় মাদক) এবং ৩২ রাউন্ড পিতলের তৈরি কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়।
গ্রেফতার তুষার শেখ শ্রীনগর উপজেলার দেলভোগ দয়হাটা এলাকার মৃত শেখ করিমের ছেলে।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় শ্রীনগর থানায় আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া মাদক ও গুলির সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।
এফপি/ফ