চট্টগ্রামের সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে আবারও হরতাল ডেকেছেন তিন ইউনিয়নের বাসিন্দারা।
আগামী রোববার (২৬ জুলাই) থেকে টানা ৪৮ ঘণ্টা খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক ও মিরসরাই-ফটিকছড়ি ও হেয়াকো-চট্টগ্রাম সড়কে এই হরতালের ডাক দেওয়া হয়েছে।
ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন কমিটির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে এই সংবাদ সম্মেলন হয়েছে। এতে লিখিত বক্তব্য দেন বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক ও উপজেলার বাগানবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান একরামুল হক।
লিখিত বক্তব্যে একরামুল হক বলেন, সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর বাসিন্দাদের সবার জন্য সুবিধাজনক স্থানে করা হয়নি। এটি আগের ফটিকছড়ি উপজেলার নিকটবর্তী পশ্চিম ভূজপুর মৌজায় স্থাপনের গেজেট প্রকাশ করা হয়েছে। এতে উপজেলার উত্তর অংশের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে না। দাঁতমারা ইউনিয়ন ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী যৌক্তিক স্থানে নতুন উপজেলার সদর দপ্তর স্থাপন করতে হবে।
একরামুল হক জানান, উপজেলার সদর দপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দারা আগামী রোববার থেকে হরতাল পালন করবেন। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। দাবি আদায় না হলে হরতালের সময়সীমা বাড়বে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির অন্যতম নেতা নুরুল আমীন, বিএনপি নেতা আবুল খায়ের,জামায়াত নেতা এবিএম সিদ্দিক, ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবদল নেতা শাহাদাত হোসেন, ব্যবসায়ী জাহাঙ্গীর হায়দার, মো. নুরুল আলম নুরু, মো. আলমগীর, যুবদল নেতা মোঃ কবির,ব্যবসায়ী সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, ছাত্র প্রতিনিধি শেখ জাহিদ ও মো. ইমাম উদ্দিন।
এফপি/ফ