মাদারীপুরের শিবচর উপজেলায় জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক ব্যক্তি হয়েছে নিহত।
বুধবার রাতে উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি গ্রামে ঘটে এ ঘটনা।
নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই গ্রামের মোসলেম মাদবরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, জায়গা-জমি ও পারিবারিক বিষয় নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় এ বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বারেক মাদবর আলতাফ মাদবরের বুকে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেছেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এফপি/অ