দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৭৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৭৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯০ হাজার ৯৮২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৬ জন। আর গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৮৬৯ জনে।
এছাড়া গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হওয়ায় গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত সন্দেহজনক হামে মারা যাওয়া মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৭ জনে।
অবশ্য গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (১৮ জুন) পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।