Dhaka, Friday | 19 June 2026
         
English Edition
   
Epaper | Friday | 19 June 2026 | English
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন: মঈন খান
আবারো বাড়ল সোনার দাম
তিন দিনে ইসলামী ব্যাংককে ৬ হাজার ৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক
শিরোনাম:

ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:০৬ পিএম  (ভিজিটর : ২১)

পেন্টাগনের পক্ষ থেকে মার্কিন আইনপ্রণেতাদের জানানো হয়েছে, ইরানের সাথে চলমান যুদ্ধ এবং অন্যান্য অ-প্রতিরক্ষা খাতের ব্যয় মেটাতে তাদের অতিরিক্ত ৮০ বিলিয়ন ডলার প্রয়োজন। এই সপ্তাহে ফোন কলের মাধ্যমে মার্কিন আইনপ্রণেতাদের বিষয়টি নিশ্চিত করেছেন উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গ। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এই খবর প্রকাশ করেছে রয়টার্স।

খবরে বলা হয়েছে, এই ৮০ বিলিয়ন ডলারের একটি বড় অংশ প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ করা হলেও এই অতিরিক্ত তহবিলের মধ্যে খামার ও দুর্যোগ সহায়তার মতো জরুরি অ-প্রতিরক্ষা খাতের অগ্রাধিকারগুলোও অন্তর্ভুক্ত থাকবে। হোয়াইট হাউস খুব শিগগিরই এই চূড়ান্ত সম্পূরক বাজেট প্রস্তাবটি আইনপ্রণেতাদের কাছে পাঠাতে পারে বলে জানা গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটির সত্যতা সম্পূর্ণ যাচাই করতে পারেনি এবং মার্কিন প্রশাসনের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

এর আগে গত এপ্রিল মাসে পেন্টাগনের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন যে, ইরান যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে, যা ছিল এই যুদ্ধের ব্যয়ের প্রথম কোনো সরকারি হিসাব। তবে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইসরায়েলের সাথে যৌথভাবে শুরু হওয়া এই যুদ্ধের সামগ্রিক ব্যয় নিয়ে ক্যাপিটল হিলে এখনও বড় ধরনের ধোঁয়াশা রয়েছে। এর আগে যুদ্ধ ব্যয়ের জন্য সরকারের প্রাথমিক ২০০ বিলিয়ন ডলারের একটি বাজেট প্রস্তাব মার্কিন আইনপ্রণেতাদের তীব্র বিরোধিতার মুখে পড়েছিল।

চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই বিশাল বাজেট প্রস্তাব নিয়ে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ আলোচনা চলছে। বিশেষ করে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, চড়া জ্বালানি মূল্য এবং এই যুদ্ধের আর্থিক বোঝা নিয়ে মার্কিন ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে গত মে মাসে মার্কিন মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় দেশের সাধারণ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেশটির বড় একটি অংশ বেশ চিন্তিত।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝