প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান আপন মেধা ও মননে উদ্ভাসিত এক মহীয়সী নারী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান এমপি।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর মহাখালীতে টিঅ্যান্ডটি মহিলা কলেজ মিলনায়তনে নানা জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ড. আব্দুল মঈন খান এসব মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান এমপি। এছাড়া, উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও অতিথিরা।
এছাড়াও, যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যুগ্ম মহাসচিব ডা. ফারুক আহমেদ, আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহ-প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. মেহেদী হাসান, সরকারি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য মাহমুদুল হাসান এবং তিনটি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, ডা. জুবাইদা রহমান আপন মেধা ও মননে উদ্ভাসিত এক মহীয়সী নারী। তিনি জন্মদিনের আড়ম্বরপূর্ণ আয়োজন সমর্থন করেন না। মেধাবী প্রজন্ম গঠন, জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং রাষ্ট্র গঠনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকের এই জন্মদিনের আয়োজনেও সেই দর্শনের প্রতিফলন ঘটেছে।
পরে ড. মঈন খান কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিয়ে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে হাফেজ ও পথশিশুদের মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।
আয়োজকরা জানান, জন্মদিন উপলক্ষে সব ধরনের আড়ম্বরতা পরিহার করে জনহিতকর ও দেশকল্যাণমূলক কার্যক্রমকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। তার এই মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে দিনব্যাপী আয়োজিত কর্মসূচিগুলোতে।
এফপি/অ