Dhaka, Wednesday | 17 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 17 June 2026 | English
তিন দিনে ইসলামী ব্যাংককে ৬ হাজার ৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক
মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে পাঠাচ্ছে ভারত
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস
শিরোনাম:

বিএমইউতে শিশু হৃদরোগ চিকিৎসায় সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:৫৬ পিএম  (ভিজিটর : ১২)

জন্মগত হৃদপিণ্ডে ছিদ্রসহ বিভিন্ন জটিল হৃদরোগে আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত এবং একাডেমিক ও ক্লিনিক্যাল সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এ ‘দ্যা আর্ট অ্যান্ড সায়েন্স অব পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি : ইভলভিং স্ট্যাটাস’ শীর্ষক একটি কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে আয়োজন করা হয় বিনামূল্যে রোগী স্ক্রিনিং কর্মসূচি।

মঙ্গলবার (১৬ জুন) বিএমইউর নিনমাস অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বিএমইউর শিশু কার্ডিওলজি বিভাগ, ভারতের মেডিস্তান হেলথকেয়ার-অলকিউর এবং ম্যাক্স হেলথকেয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, শিশু কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসলাম হোসেন।

সিএমইতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের নয়াদিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের নিওনেটাল অ্যান্ড কনজেনিটাল হার্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. কুলভুষণ সিং ডাগর। এছাড়া বিএমইউ’র শিশু কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তাহমিনা করিম এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আতা উল্লাহ প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের শীর্ষস্থানীয় কার্ডিয়াক সার্জন, কার্ডিওলজিস্ট, শিক্ষাবিদ ও স্বাস্থ্যসেবা পেশাজীবীরা অংশ নেন। তারা শিশু হৃদরোগ চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা জানান, ভবিষ্যতে বাংলাদেশে আরও সিএমই প্রোগ্রাম, বিনামূল্যে রোগী স্ক্রিনিং ক্যাম্প এবং শিক্ষা ও গবেষণাভিত্তিক যৌথ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। গত আড়াই বছর ধরে বিএমইউ এবং মেডিস্তান হেলথকেয়ার-অলকিউরের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় চিকিৎসা শিক্ষা, ক্লিনিক্যাল সহযোগিতা, রোগী সহায়তা এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে একযোগে কাজ করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, এ ধরনের উদ্যোগ জন্মগত ও জটিল হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য আশার আলো সৃষ্টি করবে। একই সঙ্গে বিএমইউ-সহ দেশের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞদের মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে শিশু হৃদরোগ চিকিৎসা আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির অংশ হিসেবে বিএমইউ’র ৭০ জন শিশু হৃদরোগীর বিনামূল্যে স্ক্রিনিং সম্পন্ন করা হয়েছে। স্ক্রিনিংয়ে নির্বাচিত রোগীদের ভারতে বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হবে। এ কার্যক্রমে ডা. কুলভুষণ সিং ডাগরের নেতৃত্বে ভারতের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধি দল এবং বিএমইউর শিশু কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ও রেসিডেন্টরা অংশ নেন।

এছাড়া মেডিস্তান-অলকিউর এ পর্যন্ত বাংলাদেশের সুবিধাবঞ্চিত পরিবারের ২০০ শিশুর বিনামূল্যে হৃদরোগ সার্জারি ও জরুরি চিকিৎসার ব্যবস্থা করেছে বলে জানানো হয়। ভারতের বিভিন্ন শীর্ষস্থানীয় হাসপাতালে এসব জীবনরক্ষাকারী অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, যার ফলে জন্মগত ও জটিল হৃদরোগে আক্রান্ত বহু শিশু নতুন জীবন ফিরে পেয়েছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, চিকিৎসাসেবা সহজতর করতে মেডিস্তান-অলকিউর শিগগিরই একটি বিশেষায়িত হেলথকেয়ার টেলিকনসালটেশন প্ল্যাটফর্ম চালু করবে। এর মাধ্যমে রোগীরা বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আগেই আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে অনলাইনে ‘সেকেন্ড ওপিনিয়ন’ বা দ্বিতীয় মতামত নিতে পারবেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝