দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে একটি আমবাগান থেকে রুপালি রাণী (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ৭ নং দাউদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচগাছি গ্রামের সেকেন্দার হাজির আমবাগানে সকালে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত রুপালি রাণী একই গ্রামের বাসিন্দা ও অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস এবং থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ঘটনার তদন্ত শুরু করেন।
নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, “নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এফপি/অ