ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) রাত থেকে রবিবার (৭ জুন) সকাল পর্যন্ত উপজেলার হবিরবাড়ী ও বাটাজোড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— ইমন শেখ (২৮), মোঃ ফরহাদ হোসেন (২৮), নাজিম উদ্দিন (২৫), মোঃ ফারুক হাসান (৩৮), মোঃ মনির হোসেন (২৯), মোঃ মেহেদী হাসান দুলাল (৩৫), মোঃ ইকবাল তালুকদার (৩০), রনি ঘোষ (৩৭) এবং সাইফুল (৪০)। তারা প্রত্যেকেই আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনৈতিক সঙ্গে জড়িত ও ভালুকার স্থানীয় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, শনিবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে একটি ঝটিকা মিছিল বের হয়। ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এই মিছিল করেন।
এর প্রতিবাদে ওইদিন বিকালেই একই এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদল। ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবুর নেতৃত্বে এই বিক্ষোভ প্রদর্শিত হয়। নিষিদ্ধ সংগঠনের এই প্রকাশ্য কার্যক্রমের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই অভিযানে নামে পুলিশ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ সক্রিয় অবস্থানে যায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপতৎপরতা রুখতে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এফপি/অ