শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির উদ্দীনের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)’ চট্টগ্রাম শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ক্রমেই উদ্বেগজনকভাবে বাড়ছে। কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তারা ডা. নাসির উদ্দীনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন এনডিএফ চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. এ.টি.এম. রেজাউল করিম। বক্তব্য রাখেন এনডিএফ চমেক শাখার সভাপতি ডা. মাহমুদুর রহমান, মহানগর সম্পাদক ডা. এস.এম. কামরুল হক, অধ্যাপক ডা. মো. সেলিম, ডা. মোহাম্মদ ইরফান চৌধুরী ও ডা. মাহমুদুল হক (মেসবাহ)।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত ও হামলাকারীদের বিচারের আওতায় আনা না হলে সারা দেশের চিকিৎসক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. রেজাউল করিম। মানববন্ধনে চমেকসহ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের বিপুল সংখ্যক চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেন।
এফপি/অ