Dhaka, Thursday | 14 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 14 May 2026 | English
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি
সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশি হজযাত্রী
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ
শিরোনাম:

মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:৫৮ পিএম  (ভিজিটর : ৬)

মোংলায় পশুর নদীতে ট্রলার থেকে ছিটকে পড়ে হোসেন মোড়ল (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং স্থানীয় ডুবুরি দল যৌথ অভিযান চালাচ্ছে। তবে ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলে নি। 

নিখোঁজ হোসেন মোড়ল খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকার ইউনুচ মোড়লের ছেলে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (১৪ মে) ভোরে খুলনার চালনা থেকে একটি ট্রলারে মাছ বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে মোংলা বাজারের উদ্দেশ্যে রওনা হন হোসেন মোড়ল। ট্রলারে তার সঙ্গে স্ত্রী ও ৬ বছর বয়সী এক সন্তানও ছিল। ভোর আনুমানিক ৬টার দিকে ট্রলারটি মোংলা বাজার ঘাটে এসে পৌঁছায় এবং নোঙর করার প্রস্তুতি নেয়। এ সময় হোসেন ট্রলারের পেছনের অংশে গেলে পা পিছলে তীব্র স্রোতের পশুর নদীতে ছিটকে পড়েন। 

স্বামীকে তলিয়ে যেতে দেখে তার স্ত্রী চিৎকার শুরু করলে ট্রলারের মাঝি তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু নদীর প্রবল জোয়ার ও তীব্র স্রোতের কারণে মুহূর্তের মধ্যেই হোসেন নদীর পানিতে তলিয়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরবর্তীতে উদ্ধার কাজের পরিধি বাড়াতে তাদের সাথে যুক্ত হয় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় দক্ষ ডুবুরি দল।

ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের মোট ৪টি ইউনিট সকাল থেকে দুপুর পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি চালায়।

মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, সকাল থেকে নদীজুড়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে পশুর নদীর ওই পয়েন্টে গভীরতা ও পানির স্রোত বেশি থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। দুপুর পর্যন্ত নিখোঁজ হোসেন মোড়লের কোনো সন্ধান পাওয়া যায়নি।

তবে কোস্টগার্ড ও নৌবাহিনীর ডুবুরি দল এখনো উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। এদিকে চোখের সামনে স্বামীকে নদীতে তলিয়ে যেতে দেখে মোংলা বাজার ঘাটে কান্নায় ভেঙে পড়েছেন হোসেনের স্ত্রী ও স্বজনরা। তাদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝