Dhaka, Monday | 11 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 11 May 2026 | English
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি
মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
শিরোনাম:

বিয়েতে স্বর্ণ কেনা বন্ধের আহ্বান মোদির

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:২৩ এএম  (ভিজিটর : ৮)

বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়তে থাকায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের জন্য নতুন কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার তিনি জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ কমানো, বাড়ি থেকে কাজ করা এবং আমদানি সীমিত করার মতো উদ্যোগে গুরুত্ব দেওয়ার কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণকে স্বর্ণ কেনা কমানোর আহ্বান জানিয়েছেন।

ভারতে বিয়ের অনুষ্ঠানে সোনার পেছনে বিপুল অর্থ খরচ হয়। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য তিনি অন্তত এক বছরের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধ রাখারও পরামর্শ দেন।

মোদি বলেন, ‘আজকাল বিদেশে বিয়ে করা, বিদেশে বেড়াতে যাওয়া, ছুটি কাটাতে যাওয়ার সংস্কৃতি বাড়ছে মধ্যবিত্তদের মধ্যে। সংকটকালে দেশের খাতিরে অন্তত এক বছর বিদেশযাত্রা বন্ধ রাখা উচিত আমাদের।

বৈদেশিক মুদ্রা বাঁচানোর সব উপায় দেখতে হবে। সোনা কেনার ক্ষেত্রেও বৈদেশিক মুদ্রা বেশি খরচ হয়। সংকটের সময়, যুদ্ধের সময় দেশের স্বার্থে একসময় স্বর্ণ দান করতেন মানুষ। আজ দানের প্রয়োজন নেই।

কিন্তু দেশের স্বার্থে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। অন্তত এক বছর, যে অনুষ্ঠানই হোক না কেন, সোনার গয়না কিনব না আমরা। সোনা কিনব না। আমাদের দেশপ্রেম চ্যালেঞ্জের মুখে। বৈদেশিক মুদ্রা বাঁচাতে হবে।

মোদি আরো বলেন, করোনা মহামারির সময় যেভাবে মানুষ বাড়ি থেকে কাজ করেছে এবং অনলাইনে মিটিং করেছে, সেই অভ্যাস আবার চালু করা উচিত। এতে জ্বালানির ব্যবহার কমবে। বর্তমান পরিস্থিতিতে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা খুবই জরুরি। এ জন্য তিনি মানুষকে ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রোর মতো গণপরিবহন বেশি ব্যবহার করার আহ্বান জানান।

এ ছাড়া পরিবারগুলোকে রান্নার তেলের ব্যবহার কমাতে বলেছেন মোদি। কৃষকদেরও সারের ব্যবহার প্রায় অর্ধেক কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি এটিকে স্বাস্থ্যকর ও দেশপ্রেমমূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ব্যবহারকারী দেশ ভারত এখনো ডিজেল ও পেট্রোলের দাম বাড়ায়নি। গত মাসের শেষদিকে ভারত সরকার জানায়, জ্বালানির পাম্প মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও ভারত সেই কয়েকটি দেশের মধ্যে রয়েছে, যারা এখনো দাম অপরিবর্তিত রেখেছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝