Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
শিরোনাম:

নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ঠিকাদারকে মারধরের অভিযোগ

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১:৪৩ পিএম  (ভিজিটর : ৯৪)

নাটোরের বাগাতিপাড়ায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম প্রকল্পে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এক সাব-ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত শুভ নাটোর জেলা ছাত্রদলের সদস্য বলে জানা গেছে।

শুক্রবার (১লা মে) বিকেলে উপজেলার মাছিমপুর এলাকায় নির্মাণাধীন স্টেডিয়াম প্রকল্পে এ ঘটনা ঘটে।

জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদ বাস্তবায়িত 'উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধিত)' এর আওতায় বাগাতিপাড়ায় স্টেডিয়াম নির্মাণকাজ চলছে। প্রায় ৮ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কার্যাদেশ পেয়েছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাকশন ওয়ার্কস।

সম্প্রতি প্রকল্পের সীমানাপ্রাচীর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটে বালুর পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এসব অভিযোগের বিষয়ে কথা বলতে স্থানীয় বাসিন্দা ও জেলা ছাত্রদলের সদস্য শুভ এবং বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন প্রকল্প এলাকায় যান। সেখানে উপস্থিত সাব-ঠিকাদার মাহবুব হোসেনের সঙ্গে অনিয়মের বিষয় নিয়ে কথা বলার একপর্যায়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে শুভ মাহবুব হোসেনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা শুভ বলেন, “স্টেডিয়ামে তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছে এবং বালুর পরিবর্তে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। এসব বিষয়ে কথা বলতে গেলে ঠিকাদার আমাদের ধান্দা করতে এসেছি বলে মন্তব্য করেন। এতে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আমি একটি থাপ্পর মেরেছি।”

বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন বলেন, “অনিয়মের বিষয়ে কথা বলতে গেলে শুভর সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে সে রাগ করে একটি চড় মারে।”

অন্যদিকে সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেন বলেন, “কাজে কোনো অনিয়ম থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যেতে পারে। কিন্তু এভাবে গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথাও জানান।

এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, “ছাত্রদলের কোনো কর্মী তদন্ত করার দায়িত্বপ্রাপ্ত নয়। স্থানীয়ভাবে কেউ অভিযোগ পেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে পারে। ঘটনায় সংগঠনের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝