বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি জান্নাত উল্লাহ সাঈদ (১৯)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. হাসানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস স্টেশন এলাকায় তল্লাশি জোরদার করে পুলিশ। এ সময় নাইক্ষ্যংছড়ি থেকে রামুগামী একটি সন্দেহভাজন সিএনজি থামানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কোনো অবৈধ বস্তু বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। সেখান থেকে মোট ৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ হঠাৎ করেই সিএনজিটি থামিয়ে তল্লাশি শুরু করে। পরে ইয়াবা উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. একরাম উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত সিএনজিটি থানায় রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এ উপজেলায় দীর্ঘদিন ধরে মাদক পাচারের ঝুঁকি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এফপি/জেএস