দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আগামী সোমবার (৪ মে)। ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর, শেষ হবে ১১ জুন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সময় স্বল্পতার কারণে এবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করা হবে। ফলে সুপার লিগ পর্ব রাখা হচ্ছে না।
লিগ পর্যায়ে মোট ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর সঙ্গে অবনমন নির্ধারণে রেলিগেশন লিগে থাকবে আরও ৩টি ম্যাচ, অর্থাৎ পুরো আসরে মোট ম্যাচ সংখ্যা দাঁড়াচ্ছে ৬৯।
ইতোমধ্যে দলবদল প্রক্রিয়া শেষ হয়েছে। কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যারা ১৬ বছরের শিরোপা খরা কাটাতে এবার মরিয়া। গত মৌসুমের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-ও শক্তির দিক থেকে পিছিয়ে নেই।
শুরুতে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত দল গঠন করেছে লেজেন্ডস অব রূপগঞ্জ। এছাড়া নতুন দল ঢাকা লিওপার্ডস এবারের আসরে চমক দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এফপি/জেএস