ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) রাতে টর্চলাইট জ্বালিয়ে সদর ইউনিয়নের সাগরদিঘির পাড় গ্রামের পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বিকেলে সাগরদিঘির পাড় বালুর মাঠে কয়েকটি শিশু কিশোর ফুটবল খেলতে গেলে বোরহান মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এর জেরে বোরহান মিয়া ও তাঁর লোকজন পূর্ব পাড়ার শিবাব মিয়া (২৩) নামের এক তরুণকে মারধর করেন। এ সময় তাঁরা প্রতিপক্ষের একটি দোকানেও হামলা চালান। ওই ঘটনার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও দা-বল্লম নিয়ে গ্রামীণ সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে পশ্চিম পাড়ার পক্ষে মালিগাঁও এবং পূর্ব পাড়ার সঙ্গে হালুয়াপাড়ার লোকজনও অংশ নেন। এ সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনার জেরে এ সংঘর্ষে ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান এলাকার অবস্থা শান্ত রয়েছে।
এফপি/জেএস