কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা। অভিযান চলাকালে সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ কয়েক শত দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এতে বাজার এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে কুতুপালং বাজারের যানজট স্থানীয় মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
উচ্ছেদের পর পুনরায় যাতে অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে জন্য বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাজার কমিটির সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন শুধু উচ্ছেদ অভিযান চালিয়ে যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এ জন্য নিয়মিত তদারকি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, কুতুপালং বাজার কমিটির সভাপতি জহির আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, উখিয়া থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
এফপি/জেএস