ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক তিনটি অভিযানে মোট ৩৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে কসবা থানা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন বিজিবির চাকুরীচ্যুত সদস্য রয়েছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লাহ আল ফয়সাল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার বহন করা একটি লাগেজ তল্লাশি করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাউতলা এলাকার মিজানুর রহমানের ছেলে। আটক ফয়সাল নিজেকে ছয় বছর চাকরি করা এক চাকরিচ্যুত বিজিবি সদস্য বলে দাবি করেছেন। তবে তিনি কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি। তার দাবি, অন্য এক ব্যক্তি তাকে লাগেজটি পৌঁছে দিতে দিয়েছিল এবং এর ভেতরে কী ছিল তা তিনি জানতেন না।
স্থানীয় বিজিবি সূত্রে জানাগেছে, আবদুল্লাহ আল ফয়সাল বিজিবিতে চাকুরী করেছেন। ২০২৪ সালে দুই মাসের ছুটিতে বাড়িতে আসলেও তিনি আর চাকুরীতে যোগদান করেননি।
অন্যদিকে, একই দিন দুপুরে কসবা পৌর শহরের টি. আলী বাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় চার কেজি গাঁজাসহ মুরাদ মিয়া (৪৫) ও হেলাল মিয়া (৪৩) নামে দুইজনকে আটক করা হয়। তারা নরসিংদীর চম্পকনগর এলাকার বাসিন্দা।
এছাড়া কুটি জাজিয়ারা এলাকায় ওয়াসিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ডিমের হাঁচির ভেতরে লুকিয়ে রাখা ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, পৃথক তিনটি অভিযানে মোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটক আবদুল্লাহ আল ফয়সাল নিজেকে বিজিবির সাবেক সদস্য দাবি করলেও তার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/জেএস