আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। মিরপুরের বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটের লড়াই।
সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা। এরপর নির্বাচিত প্রতিনিধিদের একটি বৈঠকও হওয়ার কথা আছে। তবে সেখানে ক্রিকেট বোর্ডের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে না বলেই জানা গেছে।
তবু হয়তো আগেভাগেই কোনো বার্তা পেয়ে গেছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
ব্যালটযুদ্ধে নামতে হয়নি তাঁকে। ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। এখনো দায়িত্ব না নিলেও গতকাল বিসিবি কার্যালয়ের মিডিয়া বিভাগে গিয়ে নিজের পরিকল্পনাও সাজিয়ে এসেছেন সিরাজউদ্দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া আরেক পরিচালক ঢাকা বিভাগের এস এম আবদুল্লাহ আল ফুয়াদও গতকাল বিসিবিতে উপস্থিত ছিলেন।
তাঁদের মতো আরো ছয়জন ভোটের আগেই পরিচালক হয়েছেন। অর্থাৎ ২৩টি পদের মধ্যে আজ ভোট হবে মাত্র ১৫টিতে। এ জন্য সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, আরেকটি সাদামাটা নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে বিসিবি। তবে ভোটারদের মধ্যে ভিন্নমতও শোনা যাচ্ছে। ফল ঘোষণার সময় খুব বড়সড় চমক না এলেও এক-দুই জায়গায় হিসাব বদলে যেতে পারে বলেই মনে করছেন অনেকে।
বিসিবির সর্বশেষ নির্বাচন ঘিরে প্রশ্ন উঠলেও প্রচারণায় কমতি ছিল না স্টেডিয়াম প্রাঙ্গণে। বিসিবি ভবনের সামনে যেমন প্রার্থীদের নাম ও ব্যালটসহ বিশাল ছবি টাঙানো হয়, তেমনি ভোটারদের আকৃষ্ট করতে স্টেডিয়ামের সামনের রাস্তায়ও একাধিক ব্যানার ঝোলানো হয়। অথচ আজ আরেকটি পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে গতকাল বিকেলেও খুব বেশি প্রচারণা করতে দেখা যায়নি এবারের প্রার্থীদের। অথচ শুরুতে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির অধীনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার একটি নির্বাচনের আভাস পাওয়া যায়। শেষ পর্যন্ত অনেকটাই আনুষ্ঠানিকতায় রূপ নিতে যাচ্ছে এই নির্বাচন।
“আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। মিরপুরের বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটের লড়াই। সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা। এরপর নির্বাচিত প্রতিনিধিদের একটি বৈঠকও হওয়ার কথা আছে। তবে সেখানে ক্রিকেট বোর্ডের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে না বলেই জানা গেছে।”
১৯২ জন ভোটারের মধ্যে ভোটদানের আগ্রহ প্রকাশ করেন ১৮৪ জন। যেখানে জেলা-বিভাগ ক্যাটাগরির ৭১ জন ভোটারের মধ্যে মাত্র ১৮ জন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাঁদের ভোটেই খুলনা (দুজন) ও বরিশাল (একজন) থেকে নির্বাচিত হবেন তিনজন। ঢাকাসহ অন্য পাঁচ বিভাগ থেকে এরই মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে বরিশাল বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিপিএলের সফল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের আস্থাভাজন হলেও লড়াইয়ে পিছিয়ে নেই আরেক প্রার্থী মুনতাসির আলমও।
তবে বরাবরের মতো এবারের নির্বাচনেও মূল আকর্ষণ ঢাকার ক্লাব ক্যাটাগরি। এখানে ১২টি পরিচালক পদের জন্য ১৬ জন প্রার্থী লড়াইয়ে নেমেছেন। তামিম, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাসসহ আলোচিত প্রার্থীরা এই ক্যাটাগরিতেই ভোটের লড়াইয়ে নেমেছেন। যদিও গুঞ্জন আছে, ৮-১০ জনের এরই মধ্যে পরিচালক হওয়া অনেকটাই নিশ্চিত, নিজেদের মধ্যকার সমঝোতার মাধ্যমেই ভোটের মাঠকেও তাঁরা প্রভাবিত করেছেন। তবে নাম প্রকাশ করতে না চেয়ে একজন ভোটার গতকাল বলেন, ‘আমাদের কাছেও এমন আনুষ্ঠানিক বার্তা আছে যে নির্দিষ্ট ৮-১০ জনকে ভোট দিতে হবে। তবে কাকে ভোট দেব, এটা তো শেষ পর্যন্ত আমরাই নির্ধারণ করব। আগামীকাল (আজ) ফল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, কিছুটা চমক আসবে বলেই আশা করছি।’
জানা গেছে, সব মিলিয়ে ৪১ জন ভোটার অনলাইনে, অর্থাৎ ই-ভোট দেবেন বলে ব্যালটপত্র নিয়েছেন। এর মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরির আছেন তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন। এদিকে আজ নির্বাচন উপলক্ষে বিসিবিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ক্রিকেট বোর্ডের কোন নির্বাচনে এমন নজির নেই।
এফপি/অ