রাঙ্গমাটিতে জ্বালানি তেলের তীব্র সংকটে যাত্রীবাহী স্পিডবোট সার্ভিস বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে জ্বালানি সংকটের কারণে রাঙ্গামাটি থেকে লংগদু ও বাঘাইছড়ি রুটে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোট বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট চালকরা জানান, অকটেন না পাওয়ায় তারা স্পিডবোট চালাতে পারছেন না।
অন্যদিকে, ডিজেল সংকটের কারণে কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাঙ্গাামাটি জেলায় ১০টি রুটে প্রায় ৩০টি লঞ্চ নিয়মিত চলাচল করে, যার জন্য প্রতিদিন প্রায় ১,২০০ থেকে ১,৫০০ লিটার ডিজেল প্রয়োজন হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা, রাঙ্গামাটি জোনের চেয়ারম্যান মঈনুদ্দীন সেলিম বলেন, বর্তমানে যে পরিমাণ ডিজেল মজুত আছে, তা দিয়ে মঙ্গলবার পাঁচটি উপজেলার বিভিন্ন রুটে লঞ্চ চলাচল সচল রাখা হয়েছে। তবে নতুন করে জ্বালানি সরবরাহ না পেলে বুধবার থেকে উপজেলাগুলোর সঙ্গে লঞ্চ যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেও কোথাও থেকে ডিজেল সংগ্রহ করতে পারছি না। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে, তবে এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
এ বিষয়ে জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, স্পিডবোটের জন্য তেলের ব্যবস্থা করা সম্ভব না হলেও লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এফপি/জেএস