বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা ও কল্যাণমূলক সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাঙ্গামাটি সদর জোনে আয়োজিত এক অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি-এর উপস্থিতিতে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণে প্রয়োজনীয় ঢেউটিন বিতরণ, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জোন কমান্ডার বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনসাধারণের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সেনাবাহিনী জনগণের আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সহায়তা পাওয়া উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় অনেক উপকারে আসে এবং কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনীর প্রতি তারা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এফপি/অ