চট্টগ্রামের বাঁশখালী উপকূলবর্তী বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার চরঘেরা জাল ও ৭টি বেহুন্দি জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড। অভিযান পরবর্তী জব্দকৃত এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপকূলের খাটখালী মোহনা ও বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিস ও কোস্টগার্ড পূর্ব জোন কন্টিনজেন্ট বাঁশখালীর খাটখালী স্টেশন এ যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানে বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, কোস্টগার্ড পূর্ব জোন কন্টিনজেন্ট খাটখালী স্টেশনের সিসিসহ উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন বলেন, ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাঁশখালী উপকূলবর্তী বঙ্গোপসাগরের খাটখালী মোহনা ও কুতুবদিয়া চ্যানেলে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার চরঘেরা জাল ও ৭টি বেহুন্দি জাল জব্দ করা। পরবর্তী জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’
এফপি/জেএস