রাজধানীর তুরাগ এলাকায় সংঘটিত বহুল আলোচিত ১১ কোটি টাকা ডাকাতি মামলার এক
পলাতক আসামীকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে তাহিরপুর উপজেলার উত্তর
শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট এলাকা থেকে মোঃ জনি মিয়া (৩৫) নামে ওই আসামীকে
গ্রেফতার করা হয়। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মোঃ
গনি মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তুরাগ থানা-র মামলা নং
১০(৩)২৩, ধারা ৩৯৫/৩৯৭/৪১২/৩৫ পেনাল কোডের পলাতক আসামী ছিলেন জনি মিয়া।
গোপন সংবাদের ভিত্তিতে টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ
রিপন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বড়ছড়া এলাকা থেকে
ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করেন।
টেকেরঘাট অস্থায়ী
পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ রিপন উদ্দিন জানান, গ্রেফতারকৃত জনি
মিয়াকে আইনানুগ প্রক্রিয়া শেষে তাহিরপুর থানা-য় সোপর্দ করা হয়েছে।
এ
বিষয়ে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারের
সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এফপি/অ