Dhaka, Friday | 22 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 22 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

রমজানে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা অনৈতিক- আমির হামজা

প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম  (ভিজিটর : ৪১)

কুষ্টিয়া পৌরবাজারসহ আশেপাশের বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে রমজান উপলক্ষে বাজার তদারকি জোরদার করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের হয়রানি বন্ধে তিনি সরেজমিনে বাজার পরিদর্শন করছেন বলে জানা গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে কুষ্টিয়া পৌরবাজার, বড়বাজার, চৌড়হাস, মজমপুরসহ আশেপাশের বিভিন্ন বিপণিবিতান ও পাইকারি আড়তে যান তিনি। এ সময় তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাজারে ঘুরে ঘুরে তিনি চাল, ডাল, তেল, চিনি, খেজুর, ছোলা, মাংস ও সবজির দাম যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা অনৈতিক ও অগ্রহণযোগ্য। কেউ যদি ভোক্তাদের ঠকানোর চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হবে। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।

মুফতি আমির হামজা সাংবাদিকদের বলেন, ‘চলমান রমজানে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বাজার তদারকি ও সামাজিক নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।’ তিনি আরও জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি মাঠে থাকার চেষ্টা করছেন।

বাজারে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সংসদ সদস্যের এই তদারকির কারণে ব্যবসায়ীরা সতর্ক অবস্থানে রয়েছেন। পৌরবাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা বলেন, বাজারে নিয়মিত নজরদারি থাকলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি কমবে। তারা মনে করেন, শুধু তাৎক্ষণিক অভিযান নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা গেলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবেন।

অন্যদিকে কয়েকজন ব্যবসায়ী জানান, পাইকারি বাজারে দাম বাড়লে খুচরা বাজারেও প্রভাব পড়ে। তাই উৎপাদন ও সরবরাহ পর্যায়ে নজরদারি বাড়ানোর ওপরও জোর দেন তারা। সংসদ সদস্য এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল বলছে, রমজানকে ঘিরে প্রতিবছরই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দেয়। এ অবস্থায় জনপ্রতিনিধির সরাসরি বাজার তদারকি সাধারণ মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করেছে। তবে এ উদ্যোগকে কার্যকর ও টেকসই করতে প্রশাসনিক তৎপরতা, নিয়মিত মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগ জরুরি।

সব মিলিয়ে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কুষ্টিয়ায় সংসদ সদস্যের মাঠপর্যায়ের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝