ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দ উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট চলাকালে পৃথক দুই কেন্দ্রে নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চাওয়ার অভিযোগে দায়িত্বপালনরত দুই আনসার সদস্যকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া ভোটকেন্দ্রের বুথে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় এক ভোটারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেলেও দুপুরের পর বেশিরভাগ কেন্দ্রেই উপস্থিতি কমে যায়।
অব্যাহতি পাওয়া আনসার সদস্যরা হলেন—দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত কাজলী আক্তার এবং চর কর্ণেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা মো. আবু দাউদ।
দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বিএনপি প্রার্থীর কর্মী মো. ফারুক শেখ অভিযোগ করেন, এক আনসার সদস্য লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাচ্ছিলেন। বিষয়টি তারা হাতেনাতে ধরে প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করলে সংশ্লিষ্ট আনসার সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অভিযুক্ত আনসার সদস্য কাজলী আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো প্রতীকের পক্ষে ভোট চাননি। ভোটাররা ‘হ্যাঁ-না’ ভোট সম্পর্কে জানতে চাইলে তিনি শুধু ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিষয়টি বুঝিয়েছেন।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম বাবু জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কাজলী আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বসিয়ে রাখা হয়েছে।
এদিকে একই কেন্দ্রে বুথের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় দিলু শেখ (৩৫) নামের এক ভোটারকে ৫০০ টাকা জরিমানা করা হয়। তিনি দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়া গ্রামের আ. রহিম শেখের ছেলে। উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান জানান, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ধারায় তাকে এ জরিমানা করা হয়েছে; অনাদায়ে তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, গোয়ালন্দ উপজেলায় সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে।
এফপি/জেএস