আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির প্রতীক ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের একটি রেস্টুরেন্টের সামনে এ জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান রতন।
প্রতিপক্ষের কঠোর সমালোচনা করে বক্তব্যের শুরুতে কামরুজ্জামান রতন তার নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ তুলে বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার পর টানা ১০দিন আমাকে মুন্সীগঞ্জে প্রবেশ করতে দেওয়া হয়নি। ষড়যন্ত্র করে আমাকে মুন্সীগঞ্জের মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। মনে রাখবেন এটি ২০০৮ বা ২০১৮ সাল নয়। যারা অতীতে কারচুপির মাধ্যমে বিএনপি প্রার্থী শামসুল ইসলামকে পরাজিত করেছিলেন তারা সেই চিন্তা ভুলে যান।
এ সময় নির্বাচিত হতে পারলে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, মাদক-সন্ত্রাস নির্মূল, গজারিয়া উপজেলার বিচ্ছিন্ন জনপদ গুয়াগাছিয়া, ফুলদী নদীর উপর সেতু নির্মাণ ও মেঘনা নদীর উপর গজারিয়া-চরকিশোরগঞ্জ সেতু নির্মাণ করার প্রতিশ্রুতি দেন তিনি।
গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দীক উল্লাহ ফরিদের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, বিশিষ্ট শিল্পপতি মোশাররফ হোসেন পুস্তি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একেএম গিয়াস উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।
এফপি/জেএস