মুন্সীগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধসহ দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে চারটার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, জামালপুর গ্রামের মৃত আহমেদ দেওয়ানের ছেলে কাইয়ুম দেওয়ান (৪২) এবং তার আত্মীয় ও বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে শরীফ প্রধান (৪১)। আহতদের মধ্যে কাইয়ুম দেওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত কাইয়ুমের ছোট ভাই মাইনুদ্দিন দেওয়ান জানান, কাইয়ুম দেওয়ান নারায়ণগঞ্জে ব্যবসা করেন। শুক্রবার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। আসর নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে প্রতিপক্ষ একই এলাকার বাসিন্দা পিয়াস ও শাহাদাতসহ তাদের সহযোগীরা কাইয়ুমের ওপর অতর্কিত হামলা চালায়।
মাইনুদ্দিনের দেওয়ান অভিযোগ করে বলেন, পূর্বের বিরোধ কে কেন্দ্র করে আমার বড় ভাই কাইয়ুম দেওয়ানের ওপর পিয়াস ও শাহাদাতসহ তাদের সহযোগীরা এই হামলা চালিয়েছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার জানান, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। কাইয়ুম দেওয়ানের পায়ে গুলি জাতীয় কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা পাঠানো হয়েছে। অন্য আহত শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত পিয়াসের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, “ঘটনাটি শোনার পরপরই আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এফপি/জেএস