প্রয়াত মন্ত্রী ফজলুর রহমান পটল জীবদ্দশায় লালপুর–বাগাতিপাড়ার মানুষের জন্য যেসব উন্নয়নকাজ শেষ করতে পারেননি, সেগুলো বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ফাগুয়াড়দিয়াড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ব্যারিস্টার পুতুল বলেন, ফজলুর রহমান পটল প্রায়ই আবেগাপ্লুত কণ্ঠে বলতেন—আর একবার সুযোগ পেলে তিনি লালপুর ও বাগাতিপাড়ার মানুষের জন্য বহু অসম্পন্ন কাজ শেষ করে যেতে চাইতেন। তাঁর সেই অপূর্ণ স্বপ্ন আজ বাস্তবায়নের দ্বারপ্রান্তে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা আমাকে বিশ্বাস করুন, আন্তরিকভাবে বিশ্বাস রাখুন। ইনশাল্লাহ, ফজলুর রহমান পটলের দেখা স্বপ্ন আমার হাত ধরেই বাস্তবে রূপ পাবে।”
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার দায়িত্ব সমাজের প্রতিটি পরিবারের। সন্তানরা যেন বিপথগামী না হয়, সেদিকে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে ব্যারিস্টার পুতুল বলেন, যে সমাজ নারীদের ঘরে আটকে রাখতে চায়, সেই সমাজ কখনো এগোতে পারে না। একটি দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নারীদের কর্মঘণ্টা কমানো এবং বাইরে কাজ করা নারীদের নেতিবাচকভাবে উপস্থাপন করার প্রবণতা দেখা যাচ্ছে, যা একটি পশ্চাৎপদ চিন্তাধারা। এ মানসিকতা পরিহার করার আহ্বান জানান তিনি।
নারীদের সম্মান ও অর্থনৈতিক স্বাবলম্বিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীরা আর্থিকভাবে শক্ত অবস্থানে না পৌঁছালে সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।
এ সময় সাবেক ইউনিয়ন সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা জিয়া পরিষদের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
এফপি/জেএস