বিগত এক বছরে অনেকেরই হাতের নাগালের বাইরে চলে গেছে স্বর্ণ। এর ফলে, রুপার গহনার দিকে ঝোঁক বেড়েছে মানুষের। এছাড়া, বিশ্ববাজারেও রুপাকে ঘিরে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। তাই সোনার দরের আপডেটের পাশাপাশি রুপার দরের উত্থানপতনও এখন নজরে রাখে মানুষ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্বর্ণের সঙ্গে দেশের বাজারে রুপার দামও নতুন করে সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনকে (বাজুস)।
এবার ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমেছে। ফলে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম এখন ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে, সবশেষ গত ৩ ফেব্রুয়ারি সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছিল ৬ হাজার ৫৩২ টাকা।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওইদিন (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার আগ পর্যন্ত এ দামেই বিক্রি হয়েছিল রুপা।
সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত (৩৭ দিন) দেশের বাজারে ১৭ দফা সমন্বয় করা হলো রুপার দাম। এর মধ্যে দাম ১০ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৭ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এদিকে, ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২৫তম বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। এর মধ্যে দাম ১৬ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৯ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
এফপি/জেএস