অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল টি-টোয়েন্টি সিরিজের পর আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে বড় সাফল্য পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। বুধবার প্রকাশিত হালনাগাদ র্যাংকিংয়ে অলরাউন্ডার ও বোলিং—দুই বিভাগেই চোখে পড়ার মতো উন্নতি হয়েছে দলটির।
বোলারদের তালিকায় ছয় উইকেট শিকার করা আবরার আহমেদ উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তার রেটিং এখন ৭৪৮ পয়েন্ট, যা টি-টোয়েন্টি ক্রিকেটে তার ক্যারিয়ারের সর্বোচ্চ।
এই তালিকায় তার সামনে আছেন কেবল ভারতের বরুণ চক্রবর্তী।
অলরাউন্ডার র্যাংকিংয়েও পাকিস্তানের জন্য এসেছে দারুণ সুখবর। সাইম আইয়ুব আবারও এক নম্বর অলরাউন্ডারের স্থান দখল করেছেন। মাত্র এক পয়েন্ট ব্যবধানে তিনি জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে পেছনে ফেলেছেন।
একই সঙ্গে মোহাম্মদ নেওয়াজ উন্নতি করে উঠে এসেছেন সপ্তম স্থানে।
পেস বিভাগে কিছুটা শঙ্কা থাকলেও পাকিস্তানের প্রধান পেসার শাহীন শাহ আফ্রিদি আবারও শীর্ষ ২০–এ ফিরেছেন। বর্তমানে তার অবস্থান ১৯ নম্বরে।
তবে ব্যাটিং বিভাগে এখনো কাঙ্ক্ষিত উন্নতি হয়নি পাকিস্তানের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরম্যান্স করলেও সাইম আইয়ুব ও সালমান আলী আগা ব্যাটসম্যানদের শীর্ষ ২০-এ জায়গা করে নিতে পারেননি। পাকিস্তানের সর্বোচ্চ অবস্থানে থাকা ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান। সপ্তম স্থানে রয়েছেন এই ওপেনার। যদিও অস্ট্রেলিয়া সিরিজে তিনি রান পেতে সংগ্রাম করেছেন। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা।
দলগত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ভারত অনেকটাই এগিয়ে রয়েছে। ভারতের রেটিং ২৭৩ পয়েন্ট, যেখানে পাকিস্তানের সংগ্রহ ২৩৮ পয়েন্ট।
এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। তবে সরকারের নির্দেশে এই ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিযেছে পাকিস্তান।
এফপি/অ