ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর শহরের উপশহর মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টার বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ৫৯ নাটোর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “কোনো সাধারণ নাগরিকের পক্ষে ক্যান্টনমেন্টে অস্ত্র নিয়ে প্রবেশ করা কখনোই বৈধ নয়। বৈধ বা অবৈধ কোনো ধরনের অস্ত্র নিয়ে সেখানে ঢোকার সুযোগ নেই। অথচ একজন প্রার্থী সেই চেষ্টা করেছে, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “যারা এমপি হওয়ার আগেই অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে চায়, তারা ক্ষমতায় গেলে কী ধরনের আচরণ করতে পারে তা সহজেই অনুমেয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের নিরাপত্তা ও গণতন্ত্রের জন্য হুমকি।”
দুলু বলেন, সেনাবাহিনী দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বা তাদের নিয়ে বিতর্ক তৈরির অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।
সভায় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাসিম খান, শহিদুল্লাহ সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারফুল ইসলাম সৃজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এফপি/অ