চুয়াডাঙ্গার জীবননগরে সরকারি কর্মচারীরা ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে।
রোববার (১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের জীবননগর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সরকারি কর্মচারীরা বলেন, প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। বাসাভাড়া, চিকিৎসা সেবাসহ জীবনযাপনের সকল ব্যয় বেড়ে গেছে। কিন্তু সেই তুলনায় আমাদের বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে না। আমরা যে বেতন পাই তাতে করে পরিবার নিয়ে জীবনযাপন করতে হিমসিম খেতে হচ্ছে।
আমাদের ৯ ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিটা যৌক্তিক এবং এটা আমাদের প্রাপ্য। আমাদের এই দাবিটা দ্রুত বাস্তবায়ন জরুরি। এই দাবি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. রাকিব, তরিকুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. আলী কদর, কাজল আহমেদ, মো. খালিদ হোসেন, ওয়াসিম, মো. আবুল হোসেন, আব্দুর রশিদ ও হুমায়ুন কবীরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা।
এফপি/জেএস