বরগুনার বেতাগীতে দুগ্ধ খাতের উন্নয়ন ও খামারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় চার দিনব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বেতাগী উপজেলায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়, যা চলবে আগামী চার দিনব্যাপী।
এ প্রশিক্ষণে বেতাগী উপজেলা দুগ্ধ সমবায় ও বদনিখালী দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের মোট ৫০ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে ঢাকার অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে আধুনিক গাভী পালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, দুধ উৎপাদন বৃদ্ধি এবং বাজার জাতকরণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. ইসমাইল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ এবং বরিশাল বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. আতিকুল ইসলাম। আয়োজনে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন।
একই দিনে বরগুনা জেলা সমবায় কার্যালয়ে সমবায় বিভাগ, বরগুনা-এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে ইন-হাউজ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথি মো. ইসমাইল হোসেন বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। দুগ্ধ খাতে প্রশিক্ষণ প্রাপ্ত খামারি তৈরি হলে উৎপাদন বাড়বে, খামারিদের আয় বৃদ্ধি পাবে এবং দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, খামারিদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, যাতে মাঠপর্যায়ে সমবায় কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমবায়কে টেকসই উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার নিরলস ভাবে কাজ করছে।
এফপি/জেএস