চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগ নেতা কর্তৃক হযরত ঝিনঝি ফকির শাহ্ (রহ:)'র মাজার জবরদখল ও আহলে বায়তে রাসুল (সা:) সুন্নিয়া হেফজখানা ও এতিমখানা এবং মাজার সংলগ্ন মসজিদ ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও হযরত ঝিনঝি ফকির শাহ্ (রহ:)'র মাজার সংলগ্ন প্রধান সড়কে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, 'আওয়ামী লীগের সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক মাজার ও মাদ্রাসা দখল করে মুতাওয়াল্লী পরিচয়ে ব্যাপক অর্থ আত্মসাৎ করছেন নাগু মিয়া গংরা। গত ৫ আগস্ট আ. লীগ সরকারের পতন হলে এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয় নাগু মিয়া ও তাঁর পরিবার। পলাতক অবস্থায় বেশ কয়েকবার মাজারের দানবাক্সের টাকা লুট করতে মাজার ও মাদ্রাসা ভাঙচুর করেন তারা। এখন আবার হটাৎ করে টাকার বিনিময়ে প্রশাসনকে ম্যানেজ করে মসজিদ-মাদ্রাসা ও মাজার জবরদখলের চেষ্টা করছেন স্বৈরাচারের দোসররা। আমরা এলাকাবাসী বেঁচে থাকতে স্বৈরাচারদের কখনো মাজারের টাকা আত্মসাৎ ও মাজার-মসজিদ দখল করতে দেব না।
মানববন্ধনে তারা আরও বলেন, 'প্রশাসন যদি আওয়ামী দোসর ও টাকা আত্মসাৎকারীর হাতে মাজারের কর্তৃত্ব তুলে দেয় তাহলে এলাকায় রক্তের বন্যা বয়ে যাবে। এলাকাবাসীর পক্ষে থেকে টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, প্রশাসনের কাছে অনুরোধ মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত মাজার ও মাদ্রাসার দায়িত্ব যেন উপজেলা প্রশাসন অথবা সাধনপুর ইউনিয়নের পরিষদের হাতে থাকে। এর বাহিরে অন্যকিছু করার চেষ্টা করা হলে এলাকাবাসী তাঁর দাঁতভাঙা জবাব দিবে।'
এ সময় মানববন্ধনে হযরত ঝিনঝি ফকির শাহ্ (রহ:)'র মাজারের হাজারো ভক্তকুল, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
এফপি/অ