নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আনসার বাহিনীর পৃথক অভিযানে মাদক ও চুরির ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
গতকাল রবিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক পৌনে নয়টার দিকে সিদ্ধিরগঞ্জের এভেষ্টা এ্যালমুনিয়াম ইন্ডাস্ট্রি লি. থেকে চুরির দায়ে দুজনকে আটক করেন দায়িত্বরত আনসার সদস্যরা।
সেখানে রেকার গাড়ির টুল বক্স তল্লাশি করে প্রায় ১০ কেজি লোহার যন্ত্রাংশ উদ্ধার করেন আনসার সদস্য মো. হাকিম ও মো. নুরুল হোসাইন। চুরির অভিযোগে আটক মো. সিয়াম (২৫) ও মো. জিবন (২৮)-কে পরবর্তী ব্যবস্থার জন্য সংস্থা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাত সোয়া এগারোটার দিকে সোনারগাঁওয়ের মেঘনা গ্রুপের ফাইবার সাইট এডিবল গেটে গাড়িচালক মো. কাওছার শেখকে (২২) সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। আনসার সদস্য মো. হুমায়ুন কবির ও জাকিরুল ইসলাম তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করেন। পরবর্তীতে সংস্থা কর্তৃপক্ষ কর্তৃক তাকে চাকরিচ্যুত করা হয়।
একই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেঘনা ইকোনমিক জোনের ২নং গেটে ২০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ জীবন (২০) নামের আরেক যুবক আটক হন। দায়িত্বরত আনসার সদস্য মো. সাইফুল ইসলাম ও মো. শাহিনুর ইসলাম তাকে আটক করে। পরে প্রথমবারের মতো মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় কর্তৃপক্ষ।
শিল্পাঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা রক্ষা এবং অপরাধ দমনে আনসার বাহিনীর এমন সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক জোরালো ভূমিকা সংস্থা কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি বাড়াচ্ছে।
এফপি/অ