২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শওগুনখোলা গ্রামের মোছাঃ তাসফিয়া রিফা রিমা। সে নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাসফিয়া জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি ১০৭১ নম্বর অর্জন করে বোর্ডসেরা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফলের তথ্য অনুযায়ী, তাসফিয়া রিফা রিমা ১০৭১ নম্বর পেয়ে রংপুরের আইডিয়াল পাবলিক স্কুলের মোছাঃ আনিশা ইসলামের সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে।
তাসফিয়ার এ সাফল্যের পেছনে রয়েছে তার নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম ও পরিবারের অনুপ্রেরণা। নিজ বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনের জন্য সে নবাবগঞ্জের 'মিজান ইজি ইংলিশ' কোচিং সেন্টারেও পড়াশোনা করেছে।
তাসফিয়া রিফা রিমা নবাবগঞ্জ উপজেলার শওগুনখোলা গ্রামের মোঃ রুহুল আমিন ও মোছাঃ নাজমুস সুলতানা দম্পতির দুই মেয়ের মধ্যে ছোট। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল। ভালো ফলাফলের জন্য সে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষকদের পরামর্শ ও অভিভাবকদের সহযোগিতা নিয়েছে।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাসফিয়া জানায়, “আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই। ভালোভাবে পড়াশোনা করে চিকিৎসক হয়ে মানুষের সেবা করাই আমার স্বপ্ন।”
তাসফিয়ার এমন অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। তারা তাসফিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্নপূরণের জন্য দোয়া করেছেন।
এফপি/অ