Dhaka, Friday | 28 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 28 August 2026 | English
শিরোনাম:

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিষয়ক কর্মশালা

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৩৭ পিএম  (ভিজিটর : ৪৭)

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগ, ঢাকাস্থ ফরাসি দূতাবাস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারন্যান্স (ICOG)-এর যৌথ উদ্যোগে “Training on Reinforcing Technical Capacity of Water Level Data Collection, Processing and Analysis for Climate Hazard Management in the Bangladeshi Delta” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞ ড. টোনিয়া অ্যাস্ট্রিড ক্যাপুয়ানো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আইসিওজি’র গবেষক ড. মোহাম্মদ আসফাক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইসিওজি’র পরিচালক ড. কে এম আজম চৌধুরী স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া নাসরিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অবদান খুবই সীমিত হলেও এর বিরূপ প্রভাব বাংলাদেশকে ব্যাপকভাবে মোকাবিলা করতে হচ্ছে। বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চল বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ভিত্তিতে কার্যকর পরিকল্পনা গ্রহণ প্রয়োজন। এ জন্য জাতীয় পর্যায়ে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্ব দিতে হবে।

কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং গবেষণা সংস্থার প্রায় ৬০ জন পেশাজীবী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পানির স্তর সংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশের বদ্বীপ অঞ্চলে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝