স্কুল শিক্ষকদের প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
শনিবার (৮ আগষ্ট) নাটোরের লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় ও বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্দেশনা অমান্য করে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তার এমপিও সুবিধা বাতিল করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন বরাদ্দও বন্ধ করে দেওয়া হতে পারে।
সভাগুলোতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পাঠদান মূলত শ্রেণিকক্ষেই সম্পন্ন করতে হবে। কোনো বিষয়ে দুর্বলতা থাকলে বিদ্যালয়ের উদ্যোগে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।
এ সময় তিনি পূর্ববর্তী সরকারের শিক্ষা নীতির সমালোচনা করে বলেন, আগের সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করেছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে কাজ করছে এবং শিক্ষকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
এবি ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদ আলী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু এবং বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।
এফপি/ফ