কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি এলাকায় অভিযান চালিয়ে আটটি গুলি ও পাঁচ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (০৭ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়।
শনিবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন সমছিদা (১৭) ও লায়লা খাতুন (৪৭)। তাঁরা কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি এলাকার বাসিন্দা।
র্যাব-১৫-এর সিপিসি-২-এর ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা দুইটার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বসতঘরের সামনে অবস্থান করা দুই নারীকে আটক করা হয়।
পরে মহিলা র্যাব সদস্যদের সহায়তায় তাঁদের তল্লাশি করা হয়।র্যাব জানায়, সমছিদার পরা সেলোয়ারের ডান কোমরে গোঁজা একটি ছোট সাদা কৌটার ভেতর থেকে আটটি গুলি উদ্ধার করা হয়।
আর লায়লা খাতুনের দেখানো মতে তাঁর বসতঘরের সামনের কক্ষের আলনার পেছনে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে পাঁচটি নীল পলিথিনের ব্যাগে রাখা পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, গ্রেপ্তার দুজন মাদক কারবারের সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে তাঁদের বক্তব্য জানা যায়নি।
উদ্ধার করা গুলি, গাঁজা ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এফপি/ফ