বগুড়ার সারিয়াকান্দিতে সাবেক সেনা সদস্য মোখলেছুর রহমান মোসলেম (৬০) হত্যার প্রতিবাদে ও আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাজলা ইউনিয়নের চরপাকুড়িয়া গ্রামবাসীর ব্যানারে নিহত মোসলেমের বাড়ির সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত মোসলেমের ছোট ভাই মোফাজ্জল হোসেন, বোন মঞ্জুয়ারা, স্ত্রী সখিনা বেগম, ছেলে সোহেল, ইউপি সদস্য শাহজাহান আলী, পাকুড়িযা চরের রুবেল প্রামানিক, হেলাল উদ্দিন, নূরুল ইসলাম, শহিদা বেগম, মুক্তা প্রমুখ। বক্তাগন মোসলেম হত্যার অবশিষ্ট আসামীদের গ্রেফতার এবং আসামীদের ফাঁসির দাবী জানান।
মানববন্ধন শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মোসলেমকে হামলার স্থান হয়ে নান্টুর মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নারী-পুরুষরা আসামীদের ফাঁসি চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, জমিজমার বিরোধের জের ধরে গত সোমবার চরপাকুড়িয়া গ্রামে প্রতিপক্ষের অতর্কিত হামলা ও মারপিটে কাজলা ইউনিয়নের চরপাকুরিয়া গ্রামে মৃত আব্দুল মান্নান প্রামানিকের বড় ছেলে সাবেক সেনা সদস্য মোখলেছুর রহমান মোসলেম (৬০) গুরুতর আহত হন।
স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি সেখানে মারা যান।
নিহতের স্ত্রী সখিনা বেগম বাদী হয়ে মঙ্গলবার সারিয়াকান্দি থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ প্রধান আসামী চরপাকুড়িয়া গ্রামের মৃত দুদু সরকারের ছেলে মিন্টু সরকারসহ ৬ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
এফপি/ফ